রেকর্ডগড়া বেতনে বিশ্বের দামি ফুটবলার হয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ‘কোটা’ জটিলতার কারণে খেলতে বিলম্ব হচ্ছিল। অবশেষে তাকে খেলাতে বাদ দিতে হচ্ছে আরেক বিদেশীকে। তিনি ক্যামেরুন স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকর। রিয়াদভিত্তিক এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে গোল ডটকম।
আগেই জানা গিয়েছিল কোটা জটিলতায় রোনালদোকে নিবন্ধন করতে সমস্যা হচ্ছে আল নাসরের। সৌদি আরবে একটি ক্লাব সর্বোচ্চ আটজন বিদেশি ফুটবলার খেলাতে পারে। রোনালদো নাম লেখানোর আগেই আল নাসরে আটজন বিদেশি ফুটবলার ছিলেন। রোনালদো ছিলেন দলটির নবম বিদেশি। তাই একজনকে বাদ দিতেই হতো আল নাসরকে।
শেষ পর্যন্ত রোনালদোকে নিবন্ধন করতে ছাঁটাই করা হয়েছে আবুবকরকে। এর আগে ২০২১ সালের ৮ জুন তিন বছরের চুক্তিতে বছরপ্রতি ৬০ লাখ ইউরোতে বেসিকতাস থেকে আল নাসরে যোগ দেন আবুবকর। তবে রোনালদোর কারণে জায়গাটা এখন হারাতে হলো তাকে। গুঞ্জন আছে, ফ্রি ট্রান্সফারে আবুবকর এখন যোগ দিতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডে। যদিও এখন পর্যন্ত কোনো কিছু নিশ্চিত নয়। শেষ পর্যন্ত আবুবকরের গন্তব্য জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ক্যামেরুনকে স্মরণীয় এক জয় এনে দিয়ে আলোচনায় আসেন আবুবকর। শুধু গোল করেই নয়, সেদিন জার্সি খুলে উদ্যাপন করেও সবার নজর কেড়েছিলেন এই ফরোয়ার্ড। রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর অনেকে ক্লাবটির ফরোয়ার্ড লাইনে রোনালদো–আবুবকরের জুটি দেখার অপেক্ষায় ছিলেন। তবে সেটি এখন আর হচ্ছে না।
রোনালদোকে মাঠে দেখতে সমর্থকদেরও আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এখনো এফএর দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়নি। আরও একটি ম্যাচে দর্শক হিসেবে থাকতে হবে তাঁকে। সে ক্ষেত্রে তাকে বাইরে থাকতে হবে ১৪ জানুয়ারি আল–শাবাবের বিপক্ষে ম্যাচে। আর সব ঠিক থাকলে ২২ জানুয়ারি সৌদি প্রো লিগের ম্যাচে আল–ইত্তেফাকের বিপক্ষে দেখা যেতে পারে রোনালদোকে। ‘সিআর সেভেন’কে মাঠে দেখতে তাই আর কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে।