সাকিবের চোখ সভাপতির চেয়ারে

বিপিএল শুরুর দুই দিন আগে বিপিএল নিয়ে কড়া সমালোচনা করেছিলেন সাকিব আল হাসান। তার সেই সমালোচনায় সরব ছিল দেশের ক্রিকেটাঙ্গন। সেই সমালোচনায় তিনি বিসিবি ও বিপিএল আয়োজক কমিটির নানা অসঙ্গতির দিক তুলে ধরেছিলেন। তিনি সিইও হলে সবকিছু মাত্র এক মাসের মধ্যে সমাধান করে দেবেন বলেও মন্তব্য করেছিলেন। তবে এবার জানালেন, তার চোখ সভাপতির চেয়ারের দিকে

সাকিব দাবি করেছিলেন, সিইওর দায়িত্ব পেলে এক-দুই মাসের ভেতরই সবকিছু ঠিক করতে পারবেন। তার এই মন্তব্য নিয়ে বিসিবিও জানায় তাদের অবস্থান। খেলা ছাড়লে তাকে সিইওর দায়িত্বে স্বাগত জানাবে বলে সংবাদ সম্মেলনে বলেছেন কর্মকর্তারা।

এবার এই আলোচনা আবারও সরব হলো সাকিব আল হাসানের কল্যাণে। রবিবার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেন সাকিব। সেখানে তাকে প্রশ্ন করা হয়, বিসিবি সিইওর দায়িত্ব দিলে নেবেন কি না। জবাবে সাকিব মুচকি হাসি দিয়ে বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো।’

এর আগে সাকিবের মন্তব্যের জবাবে বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আজকে আসলে আমি সাকিবকে স্বাগত জানাই, ধন্যবাদ। যদি ও বিপিএলের সিইও হিসেবে আসতে চায়, ও আগ্রহ প্রকাশ করেছে। আমরা গভর্নিং বডি থেকে ওকে স্বাগত জানাই। ও যদি চায়, আগামী বছর এসে সিইওর দায়িত্ব পালন করুক। ’

তিনি যোগ করেন,‘দেশের প্রধানমন্ত্রী মনে করেন এখন শেখ হাসিনা আছে। উনি ১৫ বছর কাজ করে জনগণকে খুশি করতে পারেনি। সিনেমা দেখে কিন্তু সবকিছু বাস্তবতা পূরণ হয়নি। এখন তো ও খেলতেছে। খেলা ছেড়ে আসতে পারবে না। সামনের বছর চলে আসুক।’