গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘরের বিছানায় মা ও ছেলের লাশ উদ্ধারের ২২ ঘণ্টা পার হলেও কোনো মামলা হয়নি। গতকাল রবিবার বেলা ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি পুলিশ। এ নিয়ে পুলিশ পরিবারের সঙ্গে কথা বলছে। ঘটনার পর থেকেই পুলিশের একাধিক বিভাগ এ ঘটনার তদন্ত করছে। নিহতের স্বামী পুলিশ হেফাজতেই রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত শনিবার বিকেলে প্রশিক্ষা মোড়ের একটি পাকা বাসা থেকে রুবিনা আক্তার (২৪) ও তার শিশুপুত্র জিহাদের (৪) মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ঘটনার পরপরই নিহতের স্বামীকে পুলিশ তাদের কাছে রাখে জিজ্ঞাসাবাদের জন্য। এ ঘটনায় গতকাল মামলার প্রস্তুতির কথা বলা হয়েছে পরিবারের পক্ষ থেকে। ঝুমন মিয়া ও রুবিনার এটি দ্বিতীয় বিয়ে ছিল। তাদের এই সংসারে জিহাদ একমাত্র সন্তান।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ঘটনাটি নানা দিক নিয়ে নিবিড়ভাবে তদন্ত করছি। একই সঙ্গে পিবিআই, সিআইডিসহ পুলিশের অন্যান্য বিভাগও এ ঘটনার ছায়া তদন্ত করছে। আশা করি শিগগির ঘটনাটি রহস্য উদঘাটন হবে।’ নির্ভুল তদন্তের প্রয়োজনে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ চলছে।