সিলেট পর্বের সব ম্যাচ খেলতে চান রবিন

ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করতে নেমেছিলেন ১৯ বছরের এক তরুণ। মাত্র কয়েক ওভার মাঠে ছিলেন সেদিন। তারপর থেকেই আলোচনায় রবিন দাস। পরে জানা যায়, তার বাবার বাড়ি সিলেটের সুনামগঞ্জে। মৃদুল কান্তি দাসের ছেলে বাংলাদেশে খেলার ইচ্ছে প্রকাশ করেছিল ২০২০ সালে। মিলেনি সুযোগ, এবার সিলেট স্ট্রাইকার্সের হয়েও খেলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এলেন ঢাকা ডমিনেটরসে। তবে এ মাসের শেষে বিপিএলের সিলেট পর্বের সবগুলো ম্যাচে মাঠ মাতাতে চান সিলেটি বংশোদ্ভুত এই বৃটিশ ক্রিকেটার।

আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। বাবার দিকের আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য ওই সুযোগটি কাজে লাগাতে চান রবিন, ‘অবশ্যই! আমি যখন দলের সঙ্গে সিলেটে যাব, তখন আত্মীয়দের সঙ্গে দেখা করতে সেখানে (সুনামগঞ্জ) যাওয়ার পরিকল্পনা করব। আমি আমার আত্মীয়দের দেখতে যাব। আমার বাবার পরিবারের সঙ্গে দেখা করব। সিলেটে বাবার শহরে খেলতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার হবে।’

করোনার দুর্যোগ কাটিয়ে ক্রিকেটে ফেরার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছিল। ২০২০ সালে শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে হওয়া সেই টুর্নামেন্টের ড্রাফটে নাম লিখিয়েছিলেন তিনি বাংলাদেশি হিসেবেই। সেবার কেউ তাকে নেয়নি। এবার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়েই খেলার সম্ভাবনা জেগেছিল তার। দুই পক্ষের মধ্যে আলোচনা অনেক দূর এগোনোর পর শেষ পর্যন্ত আর চুক্তিটি হয়নি।

তবে সিলেটে সুযোগ না পেলেও বিপিএলের দুয়ার ঠিকই খুলেছে তার জন্য। ঢাকার হয়ে খেলতে গত শুক্রবার বাংলাদেশে আসেন রবিন। বাবার বাড়িতে ঘুরতে আগেও বেশ কয়েকবার এই দেশে এসেছেন তিনি। তবে খেলার জন্য এবারই প্রথম এলেন ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের তরুণ এই টপঅর্ডার ব্যাটসম্যান। গত বছরের অগাস্টে এসেক্সের মূল দলে অভিষেকের পর এবারই প্রথম বিদেশি কোনো লিগে খেলার অপেক্ষায় রবিন। আর এই সুযোগটি বাংলাদেশের টুর্নামেন্টে হওয়ায় আবেগের দোলাচালে ভাসছেন ডানহাতি এই ব্যাটসম্যান।