ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি অস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক নিকিতা মিখালকভসহ রাশিয়ার ১১৮ জন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন। গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট এ সংক্রান্ত আদেশে সই করেন। নিষেধাজ্ঞার আওতায় আরও যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেনÑ অপেরা সংগীত শিল্পী আনা নেত্রেবকো, দার্শনিক ও পুতিন মিত্র আলেকজান্ডার ডুগিন, রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের জেনারেল ডিরেক্টর দিমিত্রি কিসেলিয়োভ, আরটি টিভি চ্যানেলের প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান। এছাড়া রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী, গায়ক ও অভিনেতা। আরও রয়েছেন ইউক্রেনের কয়েকজন বেসামরিক নাগরিক। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, অর্থনৈতিক ও আর্থিক দায়বদ্ধতা প্রত্যাহার, সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বন্ধ, ইউক্রেনে প্রবেশ নিষেধ ও ইউক্রেনের রাষ্ট্রীয় পুরস্কার প্রত্যাহারসহ অন্যান্য পদক্ষেপ। এসব নিষেধাজ্ঞা ১০ বছরের জন্য বহাল থাকবে। যদিও নিষেধাজ্ঞা পাওয়া সংগীতশিল্পী আনা গত বছরের ফেব্রুয়ারিতে বলেছিলেন, ‘আমি যুদ্ধবিরোধী, ইউক্রেনে আমার অনেক বন্ধু রয়েছে। তাদের ব্যথা ও কষ্ট আমার হৃদয় ভেঙে দেয়।’