রাজধানীর রমনার একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম কামরুন নাহার (৪৪)। তিনি কর অঞ্চল-৩ ঢাকার কমিশনার মো. আবুল কালাম আজাদের স্ত্রী। তিনি দাবি করেন, কামরুন নাহার দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত ছিলেন। এ কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।
গতকাল সোমবার বেলা ৩টার দিকে রমনার ইস্টার্ন হাউজিংয়ের বাসা থেকে অচেতন অবস্থায় কামরুন নাহারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বামী। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্বামী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘দুপুরে আমি অফিসে ছিলাম, দুই মেয়ে কলেজে ছিল। তখন ৪ বছরের ছেলের ফোন পেয়ে বাসায় গিয়ে দেখি কামরুন নাহার ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। সেখান থেকে নামিয়ে প্রথমে মনোয়ারা হাসপাতাল পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ঢামেক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’