সেই ৪ কৃষকের পরিবারের কাছে মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে চার কৃষককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী ডাকাত দল।

গতকাল সোমবার রাত ১২টার দিকে মোবাইল ফোনে স্বজনদের কাছে এই মুক্তিপণ চাওয়া হয়। অপহৃত আব্দুল হাকিমের পরিবার সূত্রে জানায়, অপহৃত চারজনের মধ্যে আব্দুর রহমানের হাতে মোবাইল ছিল, সেই অপহৃত আব্দুর রহমানের মোবাইল থেকে ফোন করে অপহৃত আব্দুল হাকিম জানান তাদের ছাড়িয়ে আনতে জনপ্রতি ৫ লাখ টাকা করে মুক্তিপণ দিতে হবে এবং এখনো অপহৃতদের পাহাড়ে রাখা হয়েছে বলেও জানান তিনি।  গত রবিবার ভোরে হ্নীলার লেচুয়াপ্রাং পাহাডের পাদদেশ থেকে তাদের অপহরণ করে ডাকাতরা।

জানা গেছে, অপহৃত চারজন হলেন লেচুয়াপ্রাং এলাকার আবুল হোছনের ছেলে আব্দুস সালাম, ছৈয়দ হোসেন ওরফে গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিবুল্লাহ ও ফজলুল করিমের ছেলে আব্দুল হাকিম। তারা সবাই কৃষক। তারা কৃষিকাজ করে জীবিকা চালান বলে জানা গেছে।

অপহৃত আব্দুস সালামের বড় ভাই মুন্সি রফিক জানান, পাহাড়ের পাদদেশে তাদের ক্ষেতের জমি আছে। যেখানে প্রায় প্রতিদিন পাহাড় থেকে হাতি নেমে ফসলের ক্ষেত নষ্ট করে ফেলে। তাই হাতি থেকে ক্ষেত রক্ষায় শনিবার (৭ জানুয়ারি) রাতেই পাহাড়ে যান চারজন। কিন্তু প্রতিদিনের মতো ভোরে ফিরে আসার কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত চারজনের কেউ বাড়ি ফেরেননি।