চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ। এই সময়ে মামলা কার্যক্রম পরিচালনা করা যাবে না বলে আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেয়। গত বছরের ১ মার্চ হাইকোর্ট পরীমণির বিরুদ্ধে মাদক মামলার বিচারিক কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে রুল দেয়। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৮ মার্চ চেম্বার আদালত হাইকোর্টের আদেশটির ওপর ছয় সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় গতকাল লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেয় আপিল বিভাগ।
আদালতে পরীমণির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও শাহ মঞ্জুরুল হক। সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। অ্যাডভোকেট জেড আই খান পান্না আদেশের বরাতে দেশ রূপান্তরকে বলেন, ‘মামলা কার্যক্রম বাতিল প্রশ্নে রুল নিষ্পত্তি করতে আদেশ দিয়েছে আপিল বিভাগ। এই সময়ের মধ্যে রুল নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি থাকলে মামলার কার্যক্রম চলবে। এখন যদি রাষ্ট্রপক্ষ সময় নেয় এবং ছয় মাসের বেশি সময় লেগে যায় সেটি আমাদের দেখার বিষয় নয়।’
২০২১ সালের ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর ১২ নম্বর সড়কের বাসায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, মদের বোতলসহ অন্যান্য মাদক জব্দের কথা জানায় র্যাব।