সিরাজগঞ্জে জমির দলিল তোলাকে কেন্দ্র করে একটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন ছররা গুলিতে আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক এবং একটি নিবন্ধন করা বন্দুক জব্দ করা হয়েছে।
গ্রামবাসীর বরাতে পুলিশ জানায়, গত শনিবার সকালে জমির কাগজ উত্তোলনকে কেন্দ্র করে বাঐতারা গ্রামের দলিল লেখক আলম হোসেনকে একই গ্রামের রুবেল মারধর করে। এর জেরে গতকাল সকাল থেকে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটেকেল নিক্ষেপের সময় গুলির ঘটনা ঘটে। আরিফ নামে এক যুবক তার নিবন্ধন করা বন্দুক দিয়ে গুলি ছোড়েন। এতে ২৫ জন গুলিবিদ্ধ ছাড়াও বিভিন্নভাবে আরও অন্তত ১০-১২ জন আহত হন।