বঙ্গবন্ধু না ফিরলে স্বাধীনতা পূর্ণতা পেত না: মেয়র তাপস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফিরে না পেলে স্বাধীনতা পূর্ণতা পেত না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ তাপস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা না রাখতেন, তাকে যদি আমরা ফিরে না পেতাম, তাহলে বাঙালি জাতির স্বাধীনতা পূর্ণতা পেত না। বাঙালি জাতি খুবই ভাগ্যবান যে বঙ্গবন্ধু পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন ও দেশবিরোধী শক্তির সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের মাঝে ফিরে এসেছিলেন। আমরা পেয়েছি স্বাধীনতার পূর্ণতা।

সাম্প্রদায়িকতা যেন মাথা চাড়া দিয়ে না ওঠে সেজন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ্য করে শেখ তাপস বলেন, দেশপ্রেমে আমাদের জাগ্রত হতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। যে লক্ষ্য, নীতি, আদর্শ নিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেটা যদি ভূলুণ্ঠিত হয়, যদি সাম্প্রদায়িকতা আবার বাংলাদেশে মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে মুক্তিযুদ্ধের সেই অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব না। সুতরাং অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।