বিপিএলে মুশফিকের অন্যরকম সেঞ্চুরি

বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বিপিএলে অন্যরকম এক সেঞ্চুরি করেছেন। আজ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে খেলতে নেমে এই টুর্নামেন্টে ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। আর কোনো ক্রিকেটারই এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে তিন অংকের ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে পারেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার সেঞ্চুরি আগেই করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সাবেক অধিনায়কের খেলা স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যাও ২৫০ ছুঁই ছুঁই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আটটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মুশফিক। এর মধ্যে তিনটিই সিলেটের ফ্র্যাঞ্চাইজি। সিলেট রয়্যালস, সুপারস্টারস ও স্ট্রাইকার্স। এ ছাড়া খেলেছেন বরিশাল বুলস, চিটাগং ভাইকিংস, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস ও খুলনা টাইগার্সের হয়ে। সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ মুশফিক খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে।

এছাড়া সিলেট রয়্যালসের হয়ে ও চিটাগাং ভাইকিংস ১৩, বরিশাল বুলস ও রাজশাহী কিংস ১২, দুরন্ত রাজশাহী ১১, সিলেট সুপারস্টারস ১০ ও সিলেট স্ট্রাইকার্সের ৪ ম্যাচ খেলেছেন মুশফিক।

মুশফিক ছাড়া বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এনামুল হক (৯৬), মাশরাফী বিন মোর্ত্তজা (৯৫), ইমরুল কায়েস (৯৪), মাহমুদউল্লাহ (৯৩), সাব্বির রহমান (৯৩)।