টানা চার জয়ে পয়েন্ট তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছে সিলেট স্ট্রাইকার্স। আজ মিরপুরে নিজেদের চতুর্থ ম্যাচেও তারা হারিয়েছে ঢাকা ডমিনেটরসকে। ৬২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।
তৌহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে ২০১ রানের পুঁজি পায় সিলেট। লক্ষ্য তাড়ায় নেমে তিন বল আগেই ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা।
ঢাকার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক নাসির হোসেন। তার ব্যাট থেকে আসে ৫ চার ও ১ ছক্কা। অন্যদিকে ২৮ বল খেলে ৪২ রান করেন মোহাম্মদ মিথুন। তার ব্যাট থেকে আসে ৩ চার ও ২ ছক্কার মার। দ্রুত তিন উইকেট হারালে এ দুজন মিলে ৬৭ রানের জুটি গড়েন চতুর্থ উইকেটে।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে ইমাদ ওয়াসিম, মাশরাফী ও আমির শিকার করেছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট লাভ করেন রাজা, পেরেরা ও শান্ত।
৪৬ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সিলেটের ব্যাটার তৌহিদ হৃদয়। তবে জয় উদযাপন করতে পারেননি তিনি। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।