চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সারকারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড-সিইউএফএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল আমিন ও সিইউএফএল শ্রমিক কর্মচারী সমবায় সমিতির সভাপতি জালাল আহমদ। এ নিয়ে কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সিবিএ অফিসে বসে দাপ্তরিক কাজ করছিলেন নুরুল আমিন। এ সময় হঠাৎ অফিসে ঢুকে কারখানার শ্রমিক আবুল বশর ও নজরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন শ্রমিক ‘অফিস থেকে বের হয়ে যাও’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। নুরুল আমিন অফিস থেকে বের হতে না চাইলে তাকে কিল-ঘুষি মেরে টেনেহিঁচড়ে অফিস থেকে বের করে দেন তারা। এ সময় সভাপতিকে রক্ষা করতে সিইউএফএল শ্রমিক কর্মচারী সমবায় সমিতির সভাপতি জালাল আহমদসহ কয়েকজন শ্রমিক এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়।
এ ব্যাপারে নুরুল আমিন বলেন, আমি অফিসে দাপ্তরিক কাজের পাশাপাশি সিবিএর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ আবুল বশর ও তার লোকজন অফিসে ঢুকে আমাকে গালিগালাজ করে। একপর্যায়ে তারা আমাকে টেনেহিঁচড়ে অফিস থেকে বের করে দেন।
সিইউএফএল শ্রমিক কর্মচারী সমবায় সমিতির সভাপতি জালাল আহমদ বলেন, আমরা অফিসে বসে কথা বলার সময় আবুল বশরসহ তার লোকজন ঢুকে সভাপতিকে বের হয়ে যেতে বলেন। এ সময় সভাপতি বের না হলে তাকেসহ আমাদের মারধর করে।
তবে ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আবুল বশরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে শ্রম আইনে ব্যবস্থা নেওয়া হবে।