যুব ক্রিকেটে আলো ছড়িয়েছিলেন তৌহিদ হৃদয়। ছিলেন উনিশের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তবে টি-টোয়েন্টিতে তার অভিজ্ঞতা ছিল না। সেটাও আয়ত্ত্বে নিয়ে এসেছিলেন। টানা তিন ম্যাচে করেছেন ফিফটি। অর্জন করেছে হ্যাটট্রিক ম্যাচসেরার পুরস্কার। প্রতিটি ম্যাচ সেরা হওয়াটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। কিন্তু জীবন চলার পথ যেমন মসৃণ হয় না, তেমনি ক্রিকেটারদের পথও সোজা পথে চলে না। টুর্নামেন্টের বাকিটা সময় যে হৃদয়কে পাওয়া নিয়ে সংশয় জেগেছে!
অথচ বিপিএলের হৃদয় ছিলেন দারুণ ছন্দে। হ্যাটট্রিক ফিফটিতে জিতেছেন টানা তিনটি ম্যাচসেরার পুরস্কার। প্রথম ম্যাচে দলে থাকলেও ব্যাট করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তার ব্যাটিং পজিশনে উন্নতি হয়। উঠে আসেন তিনে। সেখান থেকেই শুরু। প্রথম ম্যাচেই দেন আস্থার প্রতিদান। ফরচুন বরিশালের বিপক্ষে ৫৫ রান করে জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।
পরের ম্যাচেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে অনবদ্য ছিলেন তিনি। ব্যাক টু ব্যাক ফিফটি করে টানা দুটি ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন। পরে সংবাদ সম্মেলনে এসে জানালেন, যুবা ক্রিকেট থেকেই তিনি ব্যাক টু ব্যাক ম্যাচ সেরা হয়ে আসছেন। যেন এটাকে অভ্যাসে পরিণত করেছেন তিনি। মঙ্গলবার রাতে তিনি ঢাকা ডমিনেটরসের বিপক্ষে খেলেছেন বিধ্বংসী এক ইনিংস। যা তাকে হ্যাটট্রিক ম্যাচসেরার অর্জন এনে দিয়েছে।
চার ম্যাচ খেলা হৃদয় তিন ইনিংস ব্যাট হাতে করেছেন ১৯৫ রান। ৬৫ গড়ে স্ট্রাইক রেটটা ১৬৬.৬৬। যা চোখ কপালে তোলার মতোই। এমন নজরকাড়া পারফরম্যান্সে দারুণ ছন্দে থাকা সিলেট স্ট্রাইকার্স ব্যাটারের বিপিএল কি শেষ হয়ে গেল? এই প্রশ্নটাই উঠছে এখন।
যে কারণে এই প্রশ্নটা উঠছে, তা হলো তৌহিদ হৃদয় চোটে পড়েছেন। ঢাকা ডমিনেটরসের সঙ্গে ফিল্ডিং করতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটসম্যান। পরে বিষয়টি নিশ্চিত করে দলটির মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান বলেছেন, ‘হৃদয়ের হাতে আটটি সেলাই লেগেছে। আগামী দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’
সিলেট স্ট্রাইকার্সের বোলিং ইনিংস তখন ১১.২ ওভারে গড়িয়েছে। পয়েন্টে ফিল্ডিং করছিলেন হৃদয়। রেজাউর রহমান রাজার বলে ফিল্ডিংয়ে নাসির হোসেনের স্কোয়ার কাট শটের বল ধরতে গিয়ে আঙ্গুলে চোট পান। প্রচন্ড গতিতে যাওয়া সেই শট বুক সমান উচ্চতায় চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাড়ানো হৃদয়ের কাছে। তিনি তা ধরে রাখতে পারেননি। মারের প্রচন্ডতায় বল গিয়ে আঘাত করে তার হাতের তালুতে।