সিগারেট ফিল্টারে তামাক কোম্পানির দায়

বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জ্যে সয়লাব হচ্ছে পানি ও মাটি। পরিবেশ দূষণে পলিথিন, একবার ব্যবহাযোগ্য প্লাস্টিক বোতল, কাপ-প্লেট-চামচকে বহুলাংশে দায়ী করা হয়। কিন্তু নীরব ঘাতক সিগারেটের ফেলে দেওয়া ফিল্টার বা সিগারেটের বাঁট বা পৃষ্ঠকে সেভাবে পরিবেশ দূষণকারী হিসেবে দেখা হয় না। অথচ বেশিরভাগ সিগারেটের বাঁটের মধ্যেই সেলুলোজ অ্যাসিটেট ফাইবারের তৈরি ফিল্টার থাকে, যা এক ধরনের বায়োপ্লাস্টিক। এগুলো ভাঙতে বছরের পর বছর সময় লেগে যায় এবং বিজ্ঞানীদের মতে, মাইক্রোপ্লাস্টিক দূষণ উদ্ভিদের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। প্রাত্যহিক বর্জ্যরে মধ্যে সিগারেট ফিল্টার ছোট হলেও পরিমাণে বিপুল। এ বিপুল বর্জ্য পরিষ্কারে অভিনব নীতি গ্রহণ করেছে স্পেন। দেশটির তামাক কোম্পানিগুলোকে এখন থেকে রাস্তাঘাটে ও সমুদ্রসৈকতে পড়ে থাকা সিগারেটের বাঁট (সিগারেটের ফেলে দেওয়া অংশ) পরিষ্কারের খরচ দিতে হবে। স্পেনের নতুন পরিবেশ আইনের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ২০২০ সালের একটি হিসাব অনুযায়ী, স্পেনের প্রাপ্তবয়স্কদের মধ্যে এক-পঞ্চমাংশ মানুষ দৈনিক ধূমপান করেন। প্রতি বছর হাজার হাজার সিগারেটের বাট যত্রতত্র ফেলা হয় যেগুলো থেকে বিষাক্ত প্লাস্টিক বর্জ্য পরিবেশে ছড়িয়ে পড়ে।

গত শুক্রবার তামাক কোম্পানিগুলোর জন্য নতুন এ আইন কার্যকর করা হয় স্পেনে। তবে এ আইন কীভাবে বাস্তবায়িত হবে এবং কোম্পানিগুলো তাদের এ বাড়তি খরচের ভার ক্রেতাদের ওপরই চাপাবে কি না তা এখনো স্পষ্ট নয়। কাতালান রেজেরো ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে দেখা গেছে, কাতালুনিয়ার স্থানীয় কর্র্তৃপক্ষকে প্রতি বছর রাস্তাঘাটে সিগারেটের বাঁট পরিষ্কারের পেছনে জনপ্রতি ১২ ইউরো থেকে ২১ ইউরো পর্যন্ত ব্যয় করতে হয়। উপকূলীয় এলাকাগুলোতে এ ব্যয়ের হার আরও বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ভূমধ্যসাগরের সৈকতগুলোতে পাওয়া বর্জ্যরে মধ্যে সিগারেটের বাঁটের আধিক্য সবচেয়ে বেশি এবং বর্তমানে বিদ্যমান ব্যবস্থা যেমন, সচেতনতা প্রচার ক্যাম্পেইন ও পোর্টেবল বিচ অ্যাশট্রে ব্যবহারের মাধ্যমেও এ সমস্যা মোকাবিলা করা যাচ্ছে না। নতুন আইনের আওতায়, ফেলে দেওয়া সিগারেটের বাঁট সংগ্রহের পাশাপাশি বর্জ্য শোধনের জন্য এগুলো নিয়ে যাওয়ার খরচও বহন করতে হবে তামাক কোম্পানিগুলোকে।