আফগান মেয়েরা পড়তে পারবে পঞ্চম শ্রেণি পর্যন্ত

আফগানিস্তানে মেয়েদের পঞ্চম শ্রেণি অর্থাৎ প্রাথমিক স্তর পর্যন্ত পড়াশোনার অনুমতি দিয়েছে তালেবান কর্র্তৃপক্ষ। নারীশিক্ষার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মধ্যে এ নির্দেশনা দিল তালেবান। গত সোমবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে মেয়েদের জন্য পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুল ও শিক্ষাকেন্দ্রগুলো উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়। তবে শর্ত  হলো, মেয়েদের অবশ্যই পর্দা করতে হবে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর মেয়েদের জন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা নিষিদ্ধ করে তালেবান। বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের জন্য পৃথক শ্রেণিকক্ষ ও প্রবেশপথ চালু করা হয়। সবশেষ ২০ ডিসেম্বর আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয়। আপাতত মেয়েদের প্রাথমিক শিক্ষার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে নিষেধাজ্ঞা বলবৎ থাকছে।