যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আ.লীগ নেতার

ঢাকার সাভারে এক যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন একই এলাকার এক আওয়ামী লীগ নেতা। সাভারের বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল ম-লের বিরুদ্ধে এ অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদির মোল্লা। গতকাল বুধবার বিকেলে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, সহসভাপতি মো. সোহেল এবং সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম গাছিসহ সন্ত্রাসীরা আবদুল কাদির মোল্লার ওপর হামলা চালায়।’