'আরআরআর' ছবির সেই গানের শুটিং হয়েছিল জেলেনস্কির প্রাসাদের সামনে

গত বছর মুক্তি পাওয়া 'আরআরআর' ছবিটি শুধু দেশেই নয়, বিদেশেও দারুণ ব্যবসা করেছে। বিশ্বজুড়ে ভীষণ সমাদৃত হয় এস এস রাজামৌলির সিনেমাটি। হলিউডের প্রথম সারির অনেক পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পী সিনেমাটির প্রশংসা করেন।

আর প্রথম ভারতীয় গান হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জেতে 'আরআরআর' সিনেমার 'নাটু নাটু'। সেরা মৌলিক গান ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় গানটি।

গানটির পেছনে কত শ্রম দিতে হয়েছে, তা বোঝানোর জন্য একটা পরিসংখ্যানই যথেষ্ট। টানা ২০ দিন শুটিং করতে হয় গানটি। তার আগে এক মাস ধরে করা হয় কোরিওগ্রাফির পরিকল্পনা।

জানা গেছে, গানটির দৃশ্যায়ন হয় ইউক্রেনের কিয়েভের মারিনস্কি প্যালেসের সামন। এটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রাসাদ। পরিচালক রাজমৌলী বিষয়টি নিশ্চিত করেন। গানটির শুটিং হয়েছিল ২০২১ সালের আগস্টে। আর ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে।

তেলুগু গান 'নাটু নাটু' লেখেন চন্দ্রবোস। গানটি সুর করেন এম এম কিরাবাণী এবং গেয়েছেন রাহুল সিপ্লিগুঞ্জ ও কলা ভৈরব।

পরিচালক জানান, গানটি রিয়েল লোকেশনে শুট করা। লোকেশনটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রাসাদের সামনে। প্রাসাদটির পাশেই দেশটির পার্লামেন্ট। ইউক্রেন প্রেসিডেন্ট নিজেই একজন অভিনেতা হওয়ায় ওই লোকেশনে গানের শুট করার অনুমতি দিতে কালক্ষেপণ করেননি।