ভিড়ের মধ্যেই গাড়ি তুলে দিল চালক, নিহত ৫

চীনের গুয়াংজু প্রদেশের জনসমাগমে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়েছেন এক চালক। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৩ জন। ইতিমধ্যে পুলিশের হাতে আটক হয়েছেন ২২ বছর বয়সী ওই চালক। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে জানানো হয়, অন্যদিনের মতো গত বুধবার ব্যস্ত সড়কে ছিল পথচারীদের আনাগোনা। এদিন হুট করে পথচারীদের ওপর একটি গাড়ি উঠে যায়। বদলে যায় পরিস্থিতি। গাড়িচাপায় ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ঘটনায় জনসাধারণের ভেতরে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। কেউ কেউ অভিযোগ করছেন, ইচ্ছাকৃতভাবেই সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করেছেন চালক। আসলেই কোনো উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি ভিড়ে গাড়ি তুলে দিয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।