মেসি ফিরেই জেতালেন পিএসজিকে

কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। প্রথম বিশ্বকাপ জয়ের উদযাপন শেষে তিন সপ্তাহ পর পিএসজির জার্সিতে মাঠে ফিরেও গোল করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তার গোলে অজিয়েরকে ২-০ তে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পিএসজি।

মেসির সঙ্গে এ ম্যাচে লালকার্ড নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন নেইমারও। তবে ছুটিতে থাকায় ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ঘরের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটে গোল করেন হুগো একিতিকে। মেসির গোলটি দ্বিতীয়ার্ধে। ৭২ মিনিটে মুকেলের সঙ্গে দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে গোল করেন। তবে প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। ভিএআর দেখে বৈধতা দেওয়া হয় গোলের।

ফ্রান্স ও পিএসজি সমর্থকদের কথা চিন্তা করে মেসিকে বিশ্বকাপ নিয়ে পার্ক দ্য প্রিন্সেসে প্যারেড করতে দেওয়া হয়নি। তবে যে দর্শকদের কথা মাথায় রেখে পিএসজির এমন সিদ্ধান্তে বুধবার সমর্থকরা মেসিকে উষ্ণ অভ্যর্থনাই জানিয়েছেন। ম্যাচের আগে মেসির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তুমুল করতালি আর হর্ষধ্বনি দিয়ে মেসিকে বরণ করে নেয় মাঠে থাকা দর্শকরা।

ম্যাচ শেষে পিএসজি কোচ গালতিয়ে বলেন, ‘মেসি গোল করতে পছন্দ করে। আর মেসির মতো একজন তারকার কাছ থেকে সব দলই গোল চাইবে। শারীরিক ও মানসিক দিক দিয়ে দারুণ চাঙ্গা অবস্থায় আছে। তার দ্রুতই মাঠে ফেরার দরকার ছিল, আর আমাদের জন্যও তার মাঠে ফেরাটা গুরুত্বপূর্ণ ছিল। মেসির থাকা আর না থাকার মধ্যে পার্থক্য আছে।’ সর্বশেষ লিগ ম্যাচে মেসিকে ছাড়া লাঁসের কাছে হেরে যায় পিএসজি।

ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় পিএসজি খেলোয়াড়রা বিশেষ টি-শার্ট পরেছিল। সেটিতে ছিল প্রয়াত কিংবদন্তি পেলের ছবি।