সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, সরকারের ভুল নীতির কারণে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে এর খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। মানুষের প্রকৃত আয় কমে গেছে। খাদ্যপণ্য ও ওষুধের মূল্য আকাশচুম্বী। এই অবস্থায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনে আরও সংকট নিয়ে আসবে। দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় দূর করতে পারলে বিদ্যুতের মূল্য না বাড়িয়ে কমানো যেত।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টনে দুঃশাসন, দুর্নীতি, গণতান্ত্রিক অধিকার হরণ রুখে দাঁড়ানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সপ্তাহের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ শাহ আলম বলেন, ‘লুটেরা রাজনীতি আর লুটেরা অর্থনীতি পরাজিত না করতে পারলে মানুষের মুক্তি আসবে না। বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলে কৃষি-শিল্পসহ সর্বত্র উৎপাদন খরচ বাড়বে। ঐ বাড়তি দামও সাধারণ মানুষের পকেট থেকে তুলে নেওয়া হবে। এ সময় সাধারণ মানুষের আয় বাড়েনি। প্রকৃত আয় কমে গেছে। খাদ্যপণ্য ও ওষুধের মূল্য আকাশচুম্বী। এই অবস্থায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনে আরও সংকট নিয়ে আসবে। দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় দূর করতে পারলে বিদ্যুতের মূল্য না বাড়িয়ে কমানো যেত। আজ বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা বলা হচ্ছে। অথচ সরকারের ভুলনীতির কারণে উৎপাদন ব্যয় বাড়ার দায় সাধারণ মানুষ নেবে না।’

তিনি আরও বলেন, ‘মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কার করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’

সমাবেশে সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘গণতন্ত্রহীন পরিবেশে দুর্নীতি ও লুটেরারা বেপরোয়া হয়ে উঠেছে। সর্বত্র ঘুষ-দুর্নীতির উৎসব চলছে। টাকা পাচারকারী আর ঋণখেলাপিরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এই আর্থিক সংকটের সময়ে ইভিএম নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, জনমত উপেক্ষা করে আগামী নির্বাচনে প্রশাসনিক কারসাজির যে কোনো চক্রান্ত দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে ১৫ জানুয়ারি বামজোট বিটিআরসি’র সামনে বিক্ষোভ করবে। পাচারের টাকা ফেরত ও খেলাপি ঋণ উদ্ধারের দাবিতে দুদক ও বাংলাদেশ ব্যাংকের সামনেও আগামীতে বিক্ষোভ হবে।’

সমাবেশে বক্তারা ভোটাধিকার, দাম কমানো, পাচারের টাকা ফেরত, বৈষম্য ও দুর্নীতি দূর করার দাবিতে গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল পল্টন মোড় থেকে বিজয়নগর হয়ে, দৈনিক বাংলা মোড় ঘুরে সিপিবি’র অফিসের সামনে এসে শেষ হয়।