বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো গবেষণা। কিন্তু দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় খুব একটা আগ্রহ নেই। সরকারি-বেসরকারি ১৫৫ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৩টি গবেষণায় এক টাকাও ব্যয় করেনি। আর ৪৯ বিশ্ববিদ্যালয়ে ১০ লাখ টাকার নিচে লোক দেখানো ব্যয় করেছে। এমনকি এক বছরে ৫৭ বিশ্ববিদ্যালয় একটি প্রকাশনাও বের করতে পারেনি। বাংলাদেশে এই গবেষণার চিত্র অত্যন্ত হতাশাজনক বলে মনে করছেন শিক্ষাবিদরা।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে ৪৮তম বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ৫০ সরকারি ও ১০৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের তথ্য নিয়ে তৈরি ইউজিসির বার্ষিক প্রতিবেদনে গবেষণার এই দুরবস্থার চিত্র উঠে এসেছে।
ইউজিসির বার্ষিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, গবেষণায় এক টাকাও ব্যয় না করা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ৬টি সরকারি ও ২৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর ১০ লাখ টাকার নিচে ব্যয় করেছে ৭টি সরকারি ও ৪২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৫টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এক বছরে কোনো গবেষণা নিবন্ধ বের হয়নি। বেসরকারির ক্ষেত্রে এ সংখ্যা ৪২।
এর আগে ২০২০ সালে ৩৫টি বিশ্ববিদ্যালয় গবেষণার পেছনে কোনো খরচ করেনি। তবে ২০২১ সালে এ সংখ্যা কমে ৩৩ হয়েছে। অর্থাৎ সামান্য উন্নতি হয়েছে। তবে অনেক বিশ্ববিদ্যালয়ই গবেষণার খাতায় নাম ওঠাতে লোকদেখানো ব্যয় করেছে। যাতে তাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয় না তা কেউ বলতে না পারে। এজন্য তারা ছলচাতুরী করে গবেষণা খাতে ৫০ হাজার, ১ লাখ, ২ লাখ টাকার মতো ব্যয় করে ইউজিসির তালিকায় নাম তুলেছে।
ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান দেশ রূপান্তরকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা না হওয়াটা দুঃখজনক। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম-বেশি গবেষণায় অর্থ বরাদ্দ হয়। বিজ্ঞান ও কৃষিতে আমাদের ভালো গবেষণা হয়। তবে অন্যান্য ক্ষেত্রে এই গবেষণার অর্থ সবসময় সঠিকভাবে ব্যবহার হয় না। আর বেসরকারি ১৫ থেকে ২০টি বিশ্ববিদ্যালয় ভালো। বাকি ৭০ থেকে ৮০টি হলো পাঠশালা। এখানে একজন শিক্ষককে প্রতিদিন পাঁচ-ছয়টি ক্লাস নিতে হয়। তাদের বেতনও খুব কম। তারা গবেষণার চিন্তাও করতে পারে না। ওইসব বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিরা চায়, ছাত্র-ছাত্রী ভর্তি হোক আর টাকা আসুক। গবেষণায় তারা বরাদ্দও রাখেন না।’
ইউজিসির বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণায় সবচেয়ে বেশি ব্যয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে টাকার অঙ্কে তা মাত্র ৮ কোটি। আর দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি টাকা করে ব্যয় করেছে রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২১ সালে ৫০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় মোট ব্যয় ছিল ৭৫ কোটি ৩৯ লাখ টাকা। ফলে বাকি অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ও গবেষণায় নামমাত্র ব্যয় করেই দায় সেরেছে।
তবে গবেষণার দিক দিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সর্বোচ্চ ৫৮ কোটি ৫২ লাখ টাকা গবেষণায় ব্যয় করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৬৭ লাখ টাকা গবেষণায় ব্যয় করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। এ ছাড়া গবেষণায় উল্লেখযোগ্য ব্যয় করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উচ্চশিক্ষার মান বাড়াতে গবেষণা অন্যতম পূর্বশর্ত। উন্নত দেশগুলোয় বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে বিপুল অর্থ ব্যয় করা হয়। কিন্তু বাংলাদেশে গবেষণার মতো অত্যাবশ্যকীয় খাতে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, তা উল্লেখ করার মতো নয়। হাতে গোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে নামকাওয়াস্তে গবেষণা পরিচালনা করা হয়। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে মনে করে। বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ই গবেষণাকে তেমন একটা গুরুত্ব দেয় না। ফলে দেশের উচ্চশিক্ষার মান এখন তলানিতে গিয়ে ঠেকেছে।
অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায়, যে দেশে যত বেশি গবেষণার জন্য আর্থিক প্রণোদনাসহ অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়, সে দেশ তত বেশি সমৃদ্ধ। যেমন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভারত ইত্যাদি দেশে বারবার গবেষণা ছাড়া অপেক্ষাকৃত ছোট বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয় না। গবেষণা ও উন্নয়ন খাতে যেসব দেশে বার্ষিক ৫০ মিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করা হয়, সে রকম ৯০টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশ ভারত থাকলেও বাংলাদেশ বরাবরের মতোই অনুপস্থিত।
দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলোর মধ্যে গার্মেন্টস অন্যতম। আর এই খাতকে আরও শক্তিশালী করতে দেশে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। যাদের নিত্যনতুন গবেষণার মাধ্যমে এই খাতের সমৃদ্ধি অর্জনে কাজ করার কথা। অথচ ২০২১ সালে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা ব্যয় ছিল মাত্র ৫০ লাখ টাকা। এমনকি ওই বছরে তাদের একটিও গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়নি। দেশকে ডিজিটাল করার ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। ওই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ১০ হাজার কোটি টাকার ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) জমা দেওয়া হলেও ২০২১ সালে তারা গবেষণায় ব্যয় করেছে মাত্র ৬ লাখ টাকা, ছিল না কোনো প্রকাশনা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৯ বছরের পুরনো বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি গবেষণায় এক টাকাও খরচ করেনি। পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ গবেষণায় এক টাকাও ব্যয় করেনি। নামমাত্র ব্যয় করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১ লাখ ৪৮ হাজার টাকা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৭ লাখ ৪৩ হাজার, বাংলাদেশ ইউনিভার্সিটি ২ লাখ ৫২ হাজার, প্রিমিয়ার ইউনিভার্সিটি ৫ লাখ ৯৮ হাজার, সাউথইস্ট ইউনিভার্সিটি ১ লাখ ২৯ হাজার, সিটি ইউনিভার্সিটি ২ লাখ ৫০ হাজার, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ১ লাখ ৯৮ হাজার, ইস্টার্ন ইউনিভার্সিটি ৪ লাখ ৯৫ হাজার, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ২০ হাজার, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ৬৮ হাজার, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ ১ লাখ ৪৭ হাজার টাকা। অনেক বেসরকারি বিশ^বিদ্যালয়ই এক লাখ টাকার নিচে ব্যয় করে গবেষণার খাতায় নাম তুলেছে।
তবে ইউজিসি প্রতিবছর গবেষণার জন্য নিয়মিতভাবে বিভিন্ন প্রকার বৃত্তি ও ফেলোশিপ দিয়ে থাকে। ২০২১ সালে তারা এ খাতে ৮৯৪টি প্রকল্পের জন্য ১ কোটি ৫৮ লাখ ৮ হাজার ৭৯০ টাকা ব্যয় করেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যদি ইউজিসির গবেষণা বরাদ্দের গড় করা হয়, তাহলে প্রতিটি প্রকল্পের জন্য গড়ে বরাদ্দ মাত্র সাড়ে ১৭ হাজার টাকা। এই টাকা দিয়ে গবেষণা হয় না। তাই শিক্ষকরা বরাদ্দ নিলেও বেশিরভাগই প্রকৃত অর্থে কোনো গবেষণা না করে একটি প্রতিবেদন জমা দিয়ে দায় সারেন।