প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় শিমুল বিশ্বাস

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা শহরের কুঠিপাড়া ঈদগাহ মাঠে তার মায়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

গত বুধবার (১১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিমুল বিশ্বাসের মা খোদেজা বিশ্বাস (৭৭) মারা যান।

জানাযায়, মায়ের মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য শিমুল বিশ্বাসের পক্ষ থেকে আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য শিমুলের প্যারোল মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ পুলিশ পাহারায় শিমুল বিশ্বাসকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পাবনায় নিয়ে আসা হয়। জানাজা শেষে তাকে পুলিশি পাহারায় আবার ঢাকার কেরানীগঞ্জ করাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

২০২২ বছরের ৭ ডিসেম্বর বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিনই দলীয় কার্যালয়ের সামনে থেকে শিমুল বিশ্বাসকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।