বিপিএলে গতকাল চট্টগ্রামের সাগরিকায় দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। খুলনাকে ১৩০ রানে গুটিয়ে দিয়েও কষ্টে ম্যাচ জেতে রংপুর। তিন বল বাকি থাকতে জেতে তারা। এক ম্যাচ পর জয়ে ফিরল নুরুল হাসান সোহানের দল। ৪ পয়েন্টে রান রেটে এগিয়ে থেকে টেবিলের দুইয়ে রংপুর।
লক্ষ্য ছোট হলেও দলীয় ৩১ রানে ৩ উইকেট হারায় রংপুর। সেই চাপ কিছুটা সামলে নেন নাইম শেখ ও শোয়েব মালিক। ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি নাইম, ফেরেন ২১ রানে। পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি গড়েন নুরুল হাসান ও মালিক। নুরুল (১০) ফিরলে জুটি ভাঙে। তবে মালিক একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের কাছে নেন। ৩ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৪৪ রান করেন তিনি। শেষ দুই ওভারে রংপুরের দরকার ছিল ২১ রান। ১৯তম ওভারে মালিক সাইফউদ্দিনকে চার এবং নো বলে ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমান। মালিক ফিরলেও শামীম হোসেন (১৬*) ও ওমারজাই (৮*) জয় নিয়ে ফেরেন।
তার আগে খুলনার ইনিংস বড় হতে দেননি ম্যাচসেরার পুরস্কার জেতা রবিউল হক। রংপুরের এ পেসার ২২ রানে নেন ৪ উইকেট। এছাড়া দুটি করে উইকেটন নেন আজমতউল্লা, রকিবুল ও হাসান মাহমুদ। খুলনার হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি করা আজম খান। এছাড়া ২৫ রান করেন অধিনায়ক ইয়াসির আলি।