বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পয়েন্ট পরিদর্শন করেন তারা। এরপর ৩৪ বিজিবির আওতাধীন ঘুমধুম বিজিবি ক্যাম্পে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিবর রহমান। সীমান্তের সার্বিক বিষয়ে প্রতিনিধিদলকে ব্রিফ করেন রামুর সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হাসান। তবে প্রতিনিধিদলটি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেনি। এরপর প্রতিনিধিদল বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু পরিদর্শন করেছে। বেলা ১টার দিকে কক্সবাজার উদ্দেশে রওনা দেয় দলটি।