দুশ্চিন্তায় পুলিশ

এক এলাকায় অপরাধ ঘটিয়ে অন্য এলাকায় আশ্রয়

২০২০ সালের ৫ জানুয়ারি রাতে ঢাকার কুর্মিটোলায় নির্জন স্থানে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ নিয়ে হইচই পড়ে যায়। তদন্তে জানা যায়, মজনু নামের ভাসমান এক অপরাধী এ ঘটনা ঘটিয়েছে। পরে ধরাও পড়ে সে। ঠিক দুই বছর পরে একই সময়ে মগবাজার ফ্লাইওভারে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনার সঙ্গেও ভাসমান অপরাধী জড়িত থাকার তথ্য পায় তদন্তকারী সংস্থা।

এ দুটি ঘটনার মতোই ঢাকাসহ সারা দেশে ভাসমান অপরাধীরা প্রায় নানা অপরাধ ঘটাচ্ছে, যা পুলিশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অপরাধীদের আইনের আওতায় আনার জন্য তাদের তালিকা করার উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দেশ রূপান্তরকে বলেন, ভাসমান অপরাধীসহ সব ধরনের অপরাধীচক্রকে ধরতে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ভাসমান অপরাধীদের নিয়ে গত মাসে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে বলা হয়েছে, ভাসমান অপরাধীরা দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা দেওয়ার পর জেলা ও মেট্রোপলিটন পুলিশ অনুসন্ধান চালিয়ে একটি তালিকা তৈরি করে।

ওই তালিকায় অনুযায়ী, ১ লাখ ৫ হাজারের মতো ভাসমান অপরাধী আছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরে সংখ্যা বেশি। রিকশাচালক, রং, কাঠ, স্যানেটারি ও রাজমিস্ত্রি, দোকান-কর্মচারী, ভাঙারি ব্যবসায়ী, ফেরিওয়ালা, হালকা যানবাহনের চালকবেশে সাধারণ মানুষের ভিড়ে মিশে যায় এসব অপরাধী। ফলে তাদের ধরতে সমস্যা হচ্ছে।

কয়েকটি জেলার পুলিশ সুপার দেশ রূপান্তরকে জানান, সারা দেশে ৪৫ হাজারের মতো বস্তি আছে। এর মধ্যে রাজধানী ঢাকায় আছে ১১০টি। এসব বস্তিতেই ভাসমান অপরাধীরা বেশি সক্রিয়। তা ছাড়া বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফুটপাতেও থাকে তারা।

রাজধানী ছাড়াও প্রায় সব কটি জেলায় ভাসমান অপরাধী আছে। এসব অপরাধীকে নিয়ন্ত্রণ করে কথিত রাজনৈতিক নেতা ও শীর্ষ সন্ত্রাসীরা। অপরাধ ছাড়াও তাদের দিয়ে মিছিল-মিটিং করানো এমন তথ্য পেয়েছেন বলে জানান ওই পুলিশ সুপাররা। ভাসমান অপরাধীদের নিয়ে সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকতে হচ্ছে জানিয়ে তারা বলেন, তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশ রূপান্তরকে জানান, ছয় মাস আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কতজন ভাসমান অপরাধী আছে, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ও ইউনিটপ্রধানদের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠায় পুলিশ সদর দপ্তর। চিঠি পেয়ে ইউনিটপ্রধানরা বৈঠক করেন। থানার ওসিদের অনুসন্ধান করে তালিকা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

গত মাসে পুলিশ সদর দপ্তরে এ-সংক্রান্ত বৈঠকে বলা হয়, ভাসমান অপরাধীরা এক এলাকায় অপরাধ ঘটিয়ে অন্য এলাকায় আস্তানা গাড়ে। সেখানে আবার অপরাধ ঘটিয়ে আরেক এলাকায় পালিয়ে যায়। এতে করে তাদের ধরতে হিমশিম খেতে হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে। বৈঠকে কিশোর গ্যাংয়ের তথ্যভাণ্ডার তৈরি, ভাসমান মানুষ নিয়ে নজরদারি বৃদ্ধি, বিট পুলিশিং জোরদার করার বিষয়টি আলোচনায় উঠে আসে। যে এলাকাগুলোয় ভাসমান লোকজনের আনাগোনা বেশি, ওই সব এলাকায় নজরদারি বাড়ানোর তাগাদা দেওয়া হয়েছে। রাজধানীর উত্তরা বিমানবন্দর, বিশ্বরোড, কদমতলী, ডেমরা, যাত্রাবাড়ী, সদরঘাট, তেজগাঁও, কারওয়ান বাজার, কমলাপুর রেলস্টেশন, হাইকোর্ট এলাকাসহ শতাধিক স্থানকে ভাসমান অপরাধের জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে।

গত বছর করা আদমশুমারি অনুযায়ী, সারা দেশে বস্তিতে থাকা মানুষের সংখ্যা পাওয়া গেছে ১৮ লাখ ৪৮৬ জন। এর মধ্যে ভাসমান মানুষের সংখ্যা ২ লাখের বেশি।

ঢাকা মহানগর পুলিশের একটি অপরাধ পর্যালোচনা প্রতিবেদনে দেখা গেছে, গত বছর রাজধানীতে খুন হয়েছে ১৬৬ জন। এর মধ্যে ৫৫টি ঘটনা ঘটেছে ভাসমান অপরাধীদের হাতে। তারা খুন, ছিনতাই, মাদক সেবন থেকে শুরু করে সব ধরনের অপরাধে জড়িত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যেই খুনোখুনি করছে তারা। হত্যাকাণ্ডের পাশাপাশি চুরি-ডাকাতি-ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। ফুটপাত ও রেললাইনের পাশজুড়ে মাদক কেনাবেচা, যৌনবৃত্তি নিয়েও অপরাধের ঘটনা ঘটছে। তাদের কোনো জাতীয় পরিচয়পত্র নেই বা থাকে না। যে কারণে তাদের আটক করা কঠিন হয়ে পড়ে।

পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার মহাখালীর কড়াইল বস্তি, জুরাইন বালুর মাঠ বস্তি, গোপীবাগের টিটিপাড়া বস্তি, মালিবাগের কুমিল্লা বস্তি, মোহাম্মদপুরের বালুর মাঠ বস্তি, মালিবাগের রেললাইন বস্তি, খিলগাঁওয়ের নোয়াখাইল্লা বস্তি, মীর হাজিরবাগ বস্তি, ধলপুর সিটিপল্লী বস্তি, নামাশ্যামপুর বস্তি, গেন্ডারিয়ার রেললাইন বস্তি, পার গেন্ডারিয়া বস্তি, মহাখালীর সাততলা বস্তি, পোস্তগোলা ডিআইটি বস্তি, ডেমরার চরপাড়া বস্তি, পূর্ব দোলাইরপাড় ডিপটি গলির বস্তিসহ বেশির ভাগ বস্তিতেই ভাসমান অপরাধীদের আস্তানা। প্রকাশ্যেই তারা মাদক বেচাকেনা করে। এসব ভাসমান অপরাধীকে নিয়ন্ত্রণ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা আছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক দেশ রূপান্তরকে বলেন, ভাসমান অপরাধীদের ধরতে ঢাকা মহানগরের প্রতিটি থানা ও গোয়েন্দা পুলিশ কাজ করছে।

পুলিশের তালিকা অনুযায়ী, ঢাকার বাইরে কুমিল্লা, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, হবিগঞ্জ, কক্সবাজার, বরগুনা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, নীলফামারী, দিনাজপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, সাতক্ষীরা, বগুড়া, ফরিদপুর, পাবনা, টাঙ্গাইল, ঢাকার সাভার, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুরের টঙ্গী, কুষ্টিয়া এলাকায় ভাসমান অপরাধী বেশি। এসব অঞ্চলের বস্তিতেই বেশি বসবাস তাদের। অস্ত্র, মাদক কেনাবেচা, নারী ও শিশু পাচার, ছিনতাই, চুরি, ডাকাতি ও অসামাজিক কর্মকান্ডে জড়িত এই অপরাধীরা। প্রভাবশালী মহল ও রাজনৈতিক নেতারা বস্তির অপরাধীদের ব্যবহার করেন। যে কারণে প্রশাসনও তাদের নিয়ন্ত্রণে আনতে পারছে না।