পুলিশি সহিংসতা

যুক্তরাষ্ট্রে ফের কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশি সহিংসতায় প্রাণ হারালেন আরও এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারবিষয়ক আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটারের’ সহ-প্রতিষ্ঠাতা প্যাট্রিস কুলার্সের চাচাতো ভাই কিনান অ্যান্ডারসন। তাকে পুলিশ হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে নতুন করে শোরগোল সৃষ্টি হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) ৩ জানুয়ারি অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অ্যান্ডারসন ফুটপাতে শুয়ে আছেন এবং অফিসাররা তাকে চেপে ধরে রেখেছে। এ সময় চিৎকার করে কর্মকর্তাদের কাছে সাহায্য চাইছিলেন অ্যান্ডারসন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। সান্তা মনিকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ৩১ বছর বয়সী কিনান অ্যান্ডারসন একজন শিক্ষক। ওয়াশিংটন ডিসিতে ডিজিটাল পাইওনিয়ার্স একাডেমি নামে এক স্কুলে শিক্ষকতা করতেন তিনি। ছয় বছরের একটি ছেলে সন্তানও রয়েছে তার। এদিকে ২০২৩ সালের প্রথম কয়েক দিনে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) হাতে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে।