পৌষসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো ও আতশবাজির মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব পালন করেছে পুরান ঢাকার বাসিন্দারা। গতকাল শনিবার বকশীবাজারে ঢাকা টাওয়ারের ছাদে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাবাসী নামে একটি সংগঠন। পুরান ঢাকার নৃত্য, কাওয়ালি ও ঢাক-ঢোল বাজিয়ে এ উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টটন ডিকসন যোগ দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন সবকিছুতে সমৃদ্ধিশালী। কোনো কিছুরই অভাব নেই এ দেশে। আজকের (গতকাল) এই আয়োজন সত্যিই মনোমুগ্ধকর। এই আয়োজনে অংশ নিতে পেরে আমরা গর্বিত। ঢাকাবাসীর এ রকম আয়োজন অব্যাহত থাকুকÑ এটাই প্রত্যাশা করি।’
ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি এবং সাকরাইন উৎসবের আহ্বায়ক মো. শুকুর সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার, ঢাকাবাসীর উপদেষ্টা হাজি আব্দুস সালাম ও আজফারুজ্জামান সোহরাবসহ ঢাকাবাসীর সদস্যরা।