হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, ‘আমরা গনিমতের মাল হিসেবে ব্যবহৃত হতে চাই না। আমাদের নিয়ে খেলবেন না, রাজনীতি করবেন না। আওয়ামী লীগ মনে করে হিন্দুরা তাদের ভোট ব্যাংক। তারা এ-ও মনে করে তাদের ভোট না দিয়ে হিন্দুরা যাবে কোথায়? তারপরও আমরা শেখ হাসিনার ওপর আস্থা রাখতে চাই। বঙ্গবন্ধুর আদর্শ-চেতনায় ঘুরে দাঁড়াতে চাই।’
গতকাল শনিবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা শাখার আয়োজনে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সুধাংশু কুমার দাসের সভাপতিত্বে ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অলক কুমার মিত্রের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি।