নাইজেরিয়ার যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতিবিষয়ক মন্ত্রী অধ্যাপক ইসা আলী ইব্রাহিম পান্থামি জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের অস্থায়ী সদস্য পদের প্রার্থিতায় বিবেচনা করবে নাইজেরিয়া। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী দেশটি।
গতকাল শনিবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন নাইজেরিয়ার এই মন্ত্রী। এ সময় নাইজেরিয়ান রাষ্ট্রদূতসহ উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ইব্রাহিম পান্থামি বলেন, ‘নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তর অর্থনীতির দেশ। আফ্রিকার ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র নাইজেরিয়া। সে কারণে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে চাই। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নাইজেরিয়ার ব্যবসায়ীদের উৎসাহিত করছি।’ একইভাবে বাংলাদেশের ব্যবসায়ীদেরও নাইজেরিয়ায় বাণিজ্যের সুযোগ নেওয়ার আহ্বান জানান তিনি।