গণপরিবহন বন্ধ

পায়ে হেঁটেই ইজতেমায় যাচ্ছেন মুসল্লিরা

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মধ্যে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষভাবে স্থাপিত মঞ্চ থেকে এ মোনাজাত পরিচালনা করা হবে। এতে প্রায় ৩০ লাখ দেশি-বিদেশি মুসল্লি অংশ নেবেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন।

মোনাজাতের আগে বিশেষ হেদায়াতি বয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহীম দেওলা। অনুবাদ করবেন মাওলানা আব্দুল মতিন।

প্রথম পর্বের এ মোনাজাতে অংশ নিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এরইমধ্যে ইজতেমা স্থলে উপস্থিত হয়েছেন।

বাংলাদেশ পুলিশ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মধ্যরাত থেকে আব্দুল্লাহ পুর থেকে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। শুধু ইজতেমার কাজে ব্যবহৃত যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা গাড়িতে করে এসে দক্ষিণে ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা, পূর্বে মীরের বাজার ও পশ্চিমে আশুলিয়ার বাইপাইল এলাকায় নেমে পড়ছেন। অতঃপর পায়ে হেঁটেই ইজতেমাস্থলে যাচ্ছেন তারা।

আবুল হোসেন নামের এক ব্যক্তি বলেন, ইজতেমা যাওয়ার জন্য ভোর চারটায় আমি রাজধানীর ফার্মগেটে আসি। দীর্ঘ এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাইনি। পরে রিকশা নিয়ে ফার্মগেট থেকে সাত রাস্তা মোড়ে যাই। সেখানে গিয়ে আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসে উঠি। কিন্তু বাসটি মহাখালী রেলগেট যাওয়ার পর পুলিশ আটকে দেয়।

তিনি বলেন, বাস থেকে নামার পর কিছুক্ষণ হেঁটে একটি পিকআপ পাই। পরে ওই পিকআপে করে কুর্মিটোলা পর্যন্ত যাই। সেখানে পুলিশ ফের পিকআপটিকে গতিরোধ করে। পরে হেঁটে হেঁটে ইজতেমা ময়দানের দিকে যাত্রা করি।

মোখলেস মিয়া নামের আরেক ব্যক্তি জানান, ইজতেমায় যাওয়ার জন্য ভোর রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে যাত্রা করেন। তবে মহাখালী আসার পর বাসটি থামিয়ে দেয় পুলিশ। পরে হেঁটে হেঁটে ইজতেমা ময়দানের দিকে যাত্রা করেন তিনি।

আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের চালক মুস্তাফিজ মিয়া বলেন, উত্তরা-গাজীপুরগামী বাসগুলোকে মহাখালী এলাকায় আটকে দিচ্ছে পুলিশ। তাই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।

এভাবেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য পায়ে হেঁটে রওয়ানা হয়েছেন হাজার হাজার মুসল্লি।

পদব্রজে ইজতেমামুখী মুসল্লিদের মুখে শুধু আল্লাহর জিকির ছাড়া কোনো শব্দ নেই। মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনায় ধর্মপ্রাণ মুসলমানদের এ মিলন মেলার প্রথম পর্ব শেষের পথে। প্রথম পর্ব শেষ করতে এরই মধ্যে ইজতেমা ময়দান সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। দু’হাত তুলে ‘আমিন আমিন’ ধ্বনিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য মুসল্লিরা প্রস্তুত। শেষ মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত রাখতে স্থলে, জলে ও আকাশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।