চন্দনাইশে শুক্লাম্বর দিঘির মেলায় লাখো পুণ্যার্থী

চন্দনাইশের বরমা সুচিয়া বাইনজুরী গ্রামে লাখো নারী-পুরুষের অংশগ্রহণে গতকাল রবিবার সম্পন্ন হয়েছে ঐতিহাসিক শুক্লাম্বর দিঘির পুণ্যস্নান উৎসব।

উপজেলার বরমার সনাতন সম্প্রদায়ের তীর্থস্থান শ্রী শ্রী শুক্লাম্বর দিঘি ও সংলগ্ন প্রায় ১২-১৫ একর জমির বিশাল এলাকা ও ২-৩ কিলোমিটার সড়কজুড়ে এ মেলা বসে।

একদিনের মেলা হলেও আগের দিন বিকেল থেকে পুণ্যার্থী, তীর্থযাত্রী, দোকানি ও পূজারীদের আগমন ঘটে।

সকালে দেখা যায়, মেলার কোথাও তিল ধারণের ঠাঁই নেই। আত্মশুদ্ধি, পাপমুক্তি ও মনোবাসনা পূরণের জন্য দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের অনেকে অশ্বত্থ গাছের নিচে কবুতর উড়িয়ে দেন। আবার কেউ কেউ দিঘিতে তীব্র শীত উপেক্ষা করে স্নান করেন। অনেকে দিঘির জলে ঢেলেছেন তরল দুধ। মনের ইচ্ছে পূরণের জন্য অশ্বত্থ গাছের ডালে সুতা বাঁধছিলেন দম্পতিরা। মেলাটি সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদেরও সমাবেশ ঘটে। এবারও মেলায় ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন কিছু মানুষ।