বসুন্ধরা রেডিমিক্সের তৃতীয় প্লান্টের উদ্বোধন

বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট পণ্য উৎপাদনের জন্য ঢাকার বৃহত্তম রেডিমিক্স প্লান্ট চালু করেছে। এটি বসুন্ধরা রেডিমিক্সের তৃতীয় প্লান্ট। গতকাল রবিবার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বসুন্ধরা আবাসিক এলাকার ‘পি’ ব্লকে এ প্লান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা রেডিমিক্সের উপদেষ্টা ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন।

বসুন্ধরা রেডিমিক্সের উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ ফখরুল আমিন বলেন, ‘রেডিমিক্স প্লান্টটি নির্মাণকাজের যত কাছাকাছি হয় ততই ভালো। বসুন্ধরা আবাসিকে এখন বৃহৎ কনস্ট্রাকশনের কাজ চলছে এবং বসুন্ধরার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও অনেক কাজ চলছে ও চলবে। এসব এলাকা থেকে এই প্লান্টের দূরত্ব খুবই কম এবং ট্রাফিক জ্যামের ঝামেলাও নেই। তাই খুব সহজে এখান থেকে মানসম্পন্ন কংক্রিট সরবরাহ করা যাবে।’

চিফ অপারেটিং অফিসার (সিওও) মির্জা মুজাহিদুল ইসলাম বলেন, ‘দেশের অন্যতম বৃহৎ ও ঢাকার বৃহত্তম রেডিমিক্স প্লান্ট এখন বসুন্ধরা আবাসিক এলাকায়। কোয়ালিটি সম্পন্ন ও সাশ্রয়ীমূল্যে দ্রুত সময়ের মধ্যে বসুন্ধরা এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে ডেলিভারি দিতে পারব এই প্লান্টের মাধ্যমে। এ প্লান্টটিতে প্রতি ঘণ্টায় ২৪০ ঘনমিটার কংক্রিট উৎপাদন করা যাবে।’

বসুন্ধরা রেডিমিক্সের প্রথম প্লান্টটি ২০২২ সালের জানুয়ারিতে কেরানীগঞ্জের হাসনাবাদে এবং দ্বিতীয় প্লান্টটি ২০২২ সালের সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের কাঞ্চনে চালু করা হয়।