গ্রিল কেটে লুটের ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর শাজাহানপুরের একটি বাসায় গ্রিল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটের ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. সোহেল ওরফে জামাই সোহেল, মোহাম্মদ রুবেল শেখ, জাহাঙ্গীর ওরফে লালু ও রাজন মোড়ল।

গত শনিবার গভীর রাত থেকে গতকাল রবিবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে শাজাহানপুর থানার ওসি মো. মনির হোসেন মোল্লা জানান, গত ১ জানুয়ারি ভোরবেলায় মালিবাগের প্রথম লেনের একটি বাসার দ্বিতীয় তলায় গ্রিল কেটে ৪ জন লোক প্রবেশ করে। তারা বাসার সবাইকে চাপাতির মুখে জিম্মি করে বাসায় থাকা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় বাসার মালিকের অভিযোগের ভিত্তিতে ২ জানুয়ারি শাজাহানপুর থানায় মামলা হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) একটি টিম গঠন করেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে গঠিত এ টিম ঘটনাস্থল ও আশপাশ এলাকার একাধিক সিসি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করে।