শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস

বছরের প্রথম টেনিস গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে আজ থেকে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে আছেন নোভাক জকোভিচ। গত বছর করোনা টিক না নেওয়ায় টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। তবে বর্তমানে র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা কার্লোস আলকারাজ নেই ইনজুরির কারণে। ফলে অস্ট্রেলিয়ান ওপেনের শীর্ষ বাছাই ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল।

বর্তমান চ্যাম্পিয়ন তিনি। গেল বছর এই টুর্নামেন্ট জিতেই রজার ফেদেরার ও জকোভিচকে ছাড়িয়ে উঠেন নতুন উচ্চতায় (২১তম গ্র্যান্ড স্ল্যাম। ফ্রেঞ্চ ওপেনে জেতেন ২২তমটি)। এবার অবশ্য নাদালকে চ্যালেঞ্জ জানাতে আছেন জকোভিচ, মেদভেদেভ, সিতসিপাস, ক্যাসপার রুডরা। জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ৯ বার। টিকা ইস্যুতে অস্ট্রেলিয়ান ওপেনের সঙ্গে ইউএস ওপেনেও খেলতে পারেননি। তবে উইম্বলডনে খেলে জিতেছেন ২১তম গ্র্যান্ড স্ল্যাম, আর নাদালের কাছে হেরেছেন ফ্রেঞ্চ ওপেন কোয়ার্টার ফাইনালে।

খেলতে না পারার ব্যাপারটি আক্ষেপ হয়ে দেখা দিয়েছে তার কাছে, ‘গেল ১২ মাসে যা ঘটেছে আমার সঙ্গে তা ভুলে যাওয়া মোটেও সহজ নয়। এই বিষয়গুলো আপনার সঙ্গে সারা জীবন থাকবে। এগুলো এর আগে আমার সঙ্গে হয়নি, আশা করি ভবিষ্যতে হবেও না।’

প্রথম রাউন্ডে জকোভিচ খেলবেন স্পেনের কার্বালেস বেনার সঙ্গে। দুবছর পর অস্ট্রেলিয়ায় ঢোকার সুযোগ পেয়ে অ্যাডিলেড ইন্টারন্যাশলান জিতে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি সেরেছেন তিনি, ‘আমি যখন সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে খেলি, এই কোর্টে আমার (জয়ের) সুযোগটা বেশি থাকে সামনে যেই থাকুক।’

নাদাল গেল বছর দুটি গ্র্যান্ড স্ল্যাম জেতেন, ইনজুরির কারণে উইম্বলডনে নাম প্রত্যাহার করে নেন মাঝপথেই আর ইউএস ওপেনের শেষ ষোলোতে বিদায় নেন। এবার তার সামনে সুযোগ ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জেতার। তবে এটিপি র‌্যাংকিংয়ের ৪০ নম্বর ইংলিশ তরুণ জ্যাক ড্র্যাপারের সঙ্গে প্রথম রাউন্ডের ম্যাচটা কঠিন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

গত দুবারের রানার্সআপ দানিল মেদভেদেভ গতবার উইম্বলডনে খেলতে পারেননি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে নিষেধাজ্ঞায় পড়ে। ২০২৩ এর শুরুটা হয়েছে অ্যাডিলেড ইন্টারন্যাশনালে সেমিতে জকোর কাছে হেরে। অস্ট্রেলিয়ান ওপেনে ভালো কিছু করতে চান তিনি।

নিক কিরগিওস বেশির ভাগ টুর্নামেন্টেই থাকেন আলোচনায়। সেটা জরিমানার কারণে হোক কিংবা খেলার কারণে। গেল বছর প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম (উইম্বলডন) ফাইনালে খেলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে কী করেন সেটিই দেখার। গেল বছর টেনিস থেকে অবসর নেওয়া রজার ফেদেরারকে মিস করবেন অস্ট্রেলিয়ান ওপেনের দর্শকরা।

নারী এককে এবার নেই নাওমি ওসাকা। ২০১৯ ও ২০২১ এর অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ওসাকা মা হতে যাওয়ায় নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন। অ্যাশলে বার্টি অবসর নিয়েছেন। তাই নারী এককে নজরটা সোয়ানতেক, জাবুর, কোকো গফ, সাবালেঙ্কাদের দিকে।

সোয়াতেক প্রথম রাউন্ডে খেলবেন র‌্যাংকিংয়ে ৬৮ নম্বরে থাকা জুল নেইমিয়ারের সঙ্গে। গেল বছরের উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন জুল। গেল বছর শেষ ষোলোতে জুলকেই হারিয়েছিলেন সোয়াতেক।

জাবুর প্রথম রাউন্ডে ম্যাচ খেলবেন স্লোভেনিয়ার তামারা জিদানেস্কের সঙ্গে। ওনস জাবুর র‌্যাংকিংয়ে আছেন দুই নম্বরে। গেল বছর উইম্বলডন ও ইউএস ওপেনে রানার্সআপ হয়েছেন। জাবুর বলেন, ‘গেল বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাব। আমার লক্ষ্য থাকবে আর কোনো ফাইনাল না হারা। তার আগে ধাপগুলো পেরোতে হবে।’

বেলারুশের আরিনা সাবালেঙ্কা চলতি মাসেই অ্যাডিলেড ওপেন জিতেছেন। সেটি তার ক্যারিয়ারের ১১তম ডব্লিউটিএ শিরোপা। ২৪ বছর বয়সী এই বাঁ-হাতি খেলোয়াড় গেল বছর ইউএস ওপেনে সেমিফাইনালে খেলেন। ১৮ বছরের তরুণ কোকো গফের বয়স যখন ১৫ বছর তখন থেকেই আলোচনায় তিনি। গেল বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারেন সোয়াতেকের কাছে। এবারও তিনি আছেন আলোচনায়।