বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়নে আজকের বিক্ষোভ সমাবেশে যোগ দিতে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে হাজির হচ্ছেন নেতাকর্মীরা। এর মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একত্রিত হতে শুরু করেছেন তারা।

একযোগে আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করছে। গত ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি থেকে আজকের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

জানা গেছে, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেলা ১২টা থেকেই নয়াপল্টনে আসতে শুরু করেন। পার্টি অফিসের সামনে ৩টি পিকআপের ওপর একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।