সব ওয়ার্ডে হলিডে মার্কেট করতে চায় ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের আওতাধীন এলাকায় হলিডে মার্কেট চালু করতে চায়। এরই অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশের কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে শুরু হয়েছে প্রথম হলিডে মার্কেট। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সবার জন্য উন্মুক্ত থাকবে এ মার্কেট। এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এই উদ্যোগ নিয়েছে।

গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে এই হলিডে মার্কেটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এই মার্কেটের আয়োজন করেছি। আমরা পাইলট প্রকল্প হিসেবে আগারগাঁওয়ের এই রাস্তায় শুরু করেছি। সড়কটির উত্তর-দক্ষিণ দুই ধারের সুবিস্তৃত গাড়ি পার্কিংয়ের স্থানে শুক্রবার ও শনিবার ছুটির দিনে হলিডে মার্কেট বসবে। এখানে পাইলট প্রকল্প সফল হলে ৫৪টি ওয়ার্ডেই আমরা এমন হলিডে মার্কেট করব।’