নারায়ণগঞ্জে ২০ কেজি মরা গরুর মাংসসহ আব্দুল হালিম (৫৫) নামে এক কসাই (মাংস ব্যাবসায়ী) কে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আব্দুল হালিম ফতুল্লা মডেল থানা সীমান্তের ধর্মগঞ্জ ঢালীপাড়ার মৃত সাইজদ্দিনের পুত্র। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে ঢালীপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় মরা গরুর ২০ কেজি মাংস।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ধর্মগঞ্জ ঢালিপাড়া বাজারস্থ আব্দুল হালিমের মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ আব্দুল হালিমকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, একটি অসুস্থ গরু দোকানে আনেন আব্দুল হালিম। পরে ওই গরুটি মারা যায়। গরুটি অন্যত্র ফেলে দেওয়ার কথা বলে গোপনে জবাই করে মাংস বিক্রি শুরু করেন। বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্ববে ফোন দেন এক মাংস ক্রেতা। খবর পেয়ে অতিদ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পরে হাতেনাতে আব্দুল হালিমকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক সামছুল হক জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২০ কেজি মাংসসহ আব্দুল হালিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।