মমতাজউদদীন নাট্যকার পুরস্কার পাচ্ছেন রুমা মোদক

কবি ও নাট্যকার রুমা মোদক পাচ্ছেন মমতাজউদদীন নাট্যকার পুরস্কার। আজ বুধবার নাট্যজন মমতাজউদদীন আহমদের ৮৯তম জন্মদিনে এ পুরস্কার প্রদান করা হবে। মমতাজউদদীন আহমদ সংগ্রহশালার পক্ষে বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান ও নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকী এ বছর নাট্যগ্রন্থ হিসেবে রুমা মোদকের ‘নির্বাচিত নাটক’ গ্রন্থটিকে নির্বাচিত করেন। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য ভবনের স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেনের অর্থায়নে পুরস্কারটি প্রদান করা হবে। মমতাজউদদীন আহমদ সংগ্রহশালার সমন্বয়কারী শাহরিয়ার মাহমুদ প্রিন্স জানান, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, বরেণ্য অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আমজাদ হোসেন ও মমতাজউদদীন আহমদের জীবনসঙ্গী কামরুননেসা মমতাজ পুরস্কার ও সম্মাননা তুলে দেবেন।