বিএনপির নেতারা অভিযোগ করে বলেছেন, দুর্নীতির কারণে দেশের মানুষ না খেয়ে মরছে। আর সরকার টাকা বিদেশে পাচার করছে। গতকাল মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা দল আয়োজিত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘সরকার জনগণের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। তারা জনগণকে নিয়ে ভাবে না। দুর্নীতির কারণে জনগণ না খেয়ে মরছে।’
এ সময় তিন শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুরে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে অব্যাহতভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১২-দলীয় জোট আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আওয়ামী লীগের ডাকে আগে ২০০ লোকও আসত না। সামনে দুজনও আসবে না। আওয়ামী লীগ এখন দেশে দুঃস্বপ্নের নাম। কোনোভাবেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। আন্দোলনের সুনামির ধাক্কায় এই সরকার ভেসে যাবে।’