সাবেক মেয়র খোকার এপিএস মনিরুলের ৫ বছরের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার (প্রয়াত) একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৮৪ লাখ ৮০ হাজার ২৫১ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ দন্ড দেন। মনিরুল ইসলাম খানের স্ত্রী শাহনাজ ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৩ এপ্রিল মনিরুল ইসলাম খানকে নিজ ও স্ত্রীর নামীয় সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণী যাচাইকালে দুদক দেখতে পায় মনিরুল ইসলাম খান ও স্ত্রী শাহনাজ ইসলাম ১ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।

এ অভিযোগে ২০১৯ সালের ৩ জানুয়ারি দুদকের সাবেক সহকারী পরিচালক ফারুক আহমেদ রমনা থানায় মামলা করেন। দুদকের উপপরিচালক মোহা. আবুল হোসেন মামলা তদন্ত করে ২০২০ সালের ২ মার্চ মনিরুল ইসলাম খান ও তার স্ত্রী শাহনাজ ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত চার্জগঠন করে আটজনের সাক্ষ্যগ্রহণ করে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মনিরুল ইসলামসহ চারজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে তারা পলাতক।