টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ইজতেমা ময়দানে ইজতেমার আয়োজক কর্তৃপক্ষের শীর্ষ মুরুব্বিরা আসতে শুরু করেছেন। তারা ময়দানের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে দিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ব ইজতেমার দিল্লির মাওলানা সা’দ অনুসারীরা আনুষ্ঠানিকভাবে ইজতেমার ময়দান বুঝে নিয়েছেন। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান প্রথমে মাওলানা জুবায়ের অনুসারীদের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে নেন। পরে সা’দ অনুসারীরা প্রশাসনের সহযোগিতায় ইজতেমা ময়দানের বিদেশি নিবাসে মাইক, বিদ্যুৎ, গ্যাস, পানি, টয়লেট, রান্নার স্থান, বিদেশি মেহমানখানাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রথম পর্বের আয়োজক হাফেজ জুবায়ের অনুসারী শীর্ষ মুরুব্বি ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নানসহ অন্য মুরুব্বিরা গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ইজতেমা মাঠ বুঝে দেন।
দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের কাছে সা’দ অনুসারী মুরুব্বিরা ১১৮ পৃৃষ্ঠায় স্বাক্ষর করে বিভিন্ন মালামাল ও ইজতেমা ময়দান বুঝে নেন।