আইনমন্ত্রী

মানবাধিকারের উন্নতি হওয়ায় র‍্যাবের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু মানবাধিকারের উন্নতির কারণে তারা আর দেয়নি। বাংলাদেশ সফরকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ কথা তাকে (আইনমন্ত্রী) জানিয়েছেন বলে জানান।

বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী।

ডোনাল্ড লু-এর সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কথা হয়েছে। তিনি বলেছেন, মানবাধিকারের ক্ষেত্রে আমাদের অনেক উন্নতি হয়েছে। তিনি আরও বলেছেন, হিউম্যান রাইটস ওয়াচ কখনো কারো সম্পর্কে ভালো লেখে না কিন্তু বাংলাদেশের মানবাধিকারের উন্নতি হয়েছে সেটা তারা লিখেছে। আমরা র‌্যাবের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা হয়তো দিতাম কিন্তু আমরা দেখেছি, নিষেধাজ্ঞা দেওয়ার পরে র‌্যাব অনেক ভালো কাজ করেছে। আমরা বুঝি র‌্যাবেরও প্রয়োজনীয়তা আছে।

নির্বাচন প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, 'উনি (ডোনাল্ড লু) এ কথা বলেননি অংশগ্রহণমূলক বা নির্বাচন এভাবে হতে হবে, ওভাবে হতে হবে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ হোক এবং উত্তরণের পদ্ধতিগুলো ভালোভাবে ব্যবহার করা হোক।

র‌্যাবের ওপর থেকে কবে নাগাদ নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এ প্রশ্নে আইনমন্ত্রী বলেন, আমি এ ব্যাপারে কথা বলিনি, কারণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পদ্ধতি আছে। আমরা সেই পদ্ধতি অনুযায়ী এগোচ্ছি। আশাকরি, আইনি পদ্ধতিতে র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

র‌্যাবের সংস্কারের কোনো সুপারিশ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সুপারিশ আসুক বা না-আসুক, র‌্যাবের কোনো সদস্য ব্যক্তিগতভাবে অন্যায় বা অপরাধ করলে র‌্যাব তদন্ত করে এবং ব্যবস্থা নেয়। এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কারও একটি চলমান প্রক্রিয়া।