প্রতি বছরের মতো এবারও শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। আগামী শনিবার (২১ জানুয়ারি) থেকে পর্দা উঠছে এবারের আসরের। দেশের ৩২টি গণমাধ্যমের দলের অংশগ্রহণে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে বসবে সাংবাদিকদের মিলনমেলা।
এ উপলক্ষ্যে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনেই ড্র অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের অ্যাসিস্টেন্ট মার্কেটিং ম্যানেজার তাহসিনা খানম। আরও উপস্থিত ছিলেন বিএসজেএর সভাপতি এটিএম সাঈদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহসভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, সদস্য সচিব মো. রবিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বিএসজেএর যুগ্ম সম্পাদক এস এম সুমন। পরে টুর্নামেন্টের গ্রুপিং সম্পন্ন করার পাশাপাশি জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।
অন্যান্য বছর ২৪ দল নিয়ে মাঠে গড়ালেও এবার দল বেড়ে দাঁড়িয়েছে ৩২টি। ৮ গ্রুপে বিভক্ত হয়ে তারা নকআউট পদ্ধতিতে খেলে থাকবেন। প্রত্যেক গ্রুপে জয়ী দুই দল একে অন্যের মুখোমুখি হবেন। গ্রুপের শেষ ম্যাচের জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল। আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ৩০ হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার। আসরের সেরা খেলোয়াড় ও ম্যাচসেরাদের জন্য থাকছে পুরস্কার। এছাড়া অংশগ্রহণকারি প্রত্যেক দলের জন্য থাকছে ম্যাচ ফি।