রাকাব-এ ৫০ দিনব্যাপী নতুন হিসাব খোলা ও আমানত সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৫০ দিনব্যাপী নতুন হিসাব খোলা ও আমানত সংগ্রহ কর্মসূচি-২০২৩ উপলক্ষে গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) রাজশাহীতে স্থানীয় মুখ্য কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক।

সমাবেশে রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান; পরিচালন মহা বিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন ও প্রশাসন মহা বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম।

প্রধান অতিথি কয়েকজন গ্রাহকের নিকট থেকে আমানতের অর্থ গ্রহণের মাধ্যমে এই গ্রাহক সমাবেশের উদ্বোধন করেন। তিনি উপস্থিত আমানতকারী ও অন্যান্য গ্রাহকদের ব্যাংক হিসাব খোলার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথি অনলাইন সিবিএস এর আওতায় আরটিজিএস, ইএফটি ও এ-চালানসহ ব্যাংকের প্রচলিত বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের জন্য গ্রাহক সমাবেশে উপস্থিত সকলকে আহ্বান জানান।

তিনি বলেন, এখন রাকাব-এ ইন্টারনেট/মোবাইল ব্যাংকিং সেবা চালু আছে যার মাধ্যমে ব্যাংকের সকল গ্রাহক ঘরে বসেই মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ২৪ ঘণ্টা অর্থ লেনদেনসহ বিভিন্ন ব্যাংকিং ও সরকারি পরিষেবা গ্রহণ করতে পারে।

এ ছাড়া উপস্থিত অতিথিবৃন্দ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের গ্রাহক সেবার মান বৃদ্ধিতে আরও বেশি তৎপর হতে বলেন এবং নিজেদের ওপর অর্পিত সকল দায়িত্ব যথাসময়ে নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।