পাকিস্তানে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ফেডারেল সরকারের ওপর চাপ তৈরি করতে নির্ধারিত সময়ের আগেই পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ বিলুপ্তির পর এবার খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদও ভেঙে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পিটিআই এ দুই প্রদেশেই নিজেদের সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়েছে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতে। দেশটিতে পাকিস্তানে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের জন্য প্রতি পাঁচ বছর অন্তর একই সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি প্রাদেশিক পরিষদ আগেই ভেঙে দেওয়ায় এখন নিয়মানুযায়ী, ৯০ দিনের মধ্যে আলাদা নির্বাচন দিতে হবে। আগামী অক্টোবরে পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশটিতে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় নির্বাচন আলাদা করে হবে কি না, তা নিয়ে সংশয় আছে। পাকিস্তানের অর্ধেকের বেশি মানুষের বাস এ দুটি প্রদেশে।