হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে নবজাতক চুরি হওয়ার এক ঘণ্টার মধ্যে নগরের আমানতগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহিনুর বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে নবজাতককে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার  ওসি আজিমুল করিম বলেন, চুরি হওয়ার এক ঘণ্টার মধ্যেই নবজাতককে নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত শাহিনুর নামে এক নারীকে আটক করা হয়েছে। যেহেতু তার কাছ থেকেই বাচ্চাটি উদ্ধার করা হয়েছে সেহেতু তিনি চুরির ঘটনার সঙ্গে জড়িত। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।