‘পাহাড়ের মানুষের মনে অসন্তোষ রয়েছে’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে অপহরণ, খুনসহ নানানভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। এখানকার মানুষের জনমনে অসন্তোষ রয়েছে। গতকাল বুধবার সকালে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত তিনি এ সব কথা বলেন।

গণশুনানিতে অংশ নিয়ে সাধারণ মানুষ বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তিপ্রিয় পাহাড়ি-বাঙালি সবাই মানবাধিকার নিয়ে বাঁচতে চায়। কিন্তু শান্তিপ্রিয় সাধারণ মানুষ অবৈধ অস্ত্রের কারণে নিজ বাড়িতে থাকতে পারে না। নিজ বাড়িতে নিরাপদে বেঁচে থাকার অধিকার চাই। চুক্তির পর পাহাড়ে শান্তি না ফেরায় পাহাড়ে বসবাসকারী পাহাড়ি-বাঙালি উভয়ে অশান্তিতে বসবাস করছে। পাহাড়ে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে সব সম্প্রদায়কে চাঁদা দিতে হয়। চাঁদার মূল কারণ পাহাড়ে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো।

অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে পাহাড়ে কোনো দিন শান্তি ফিরবে না। চুক্তির পরে পাহাড়ে ২৫টির বেশি গণহত্যা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতিতে জুম্ম জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই। পাহাড়ে পর্যটনের নামে ভূমি হারা হচ্ছে স্থানীয়রা। এসব বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।