জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জি এম (গোলাম মোহাম্মদ) কাদেরের দায়িত্ব পালন নিয়ে নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার জেলা জজ আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া এ আদেশ দেন। আদালতে জি এম কাদেরের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আমাদের মিস (বিবিধ) আপিলটি খারিজ করেছেন। আদেশের অনুলিপি পেলে আমরা উচ্চ আদালতে যাব।’
জাপা থেকে বহিষ্কৃত ও সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার আবেদনের ওপর শুনানি নিয়ে গত ৩০ অক্টোবর ঢাকার যুগ্ম জেলা জজ আদালত এক আদেশে জি এম কাদেরের কোনো প্রকার সিদ্ধান্ত ও কার্য গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করলে গত বছরের ১৬ নভেম্বর একই আদালতে সেটি খারিজ হয়ে যায়। এ আদেশের বিরুদ্ধে ঢাকা জেলা জজ আদালতে আপিল করলে আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করে আদালত। বিলম্বে শুনানির তারিখ ধার্যে আপত্তি জানিয়ে জি এম কাদেরের আইনজীবীরা আবেদন করলে গত বছরের ২৪ নভেম্বর সে আবেদনটি খারিজ করে দেয় আদালত।