ইসলামী আন্দোলনের ভোটরহস্য

এক দশকে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট প্রায় দ্বিগুণ হয়েছে। স্থায়ী সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচনেও বড় দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির পরেই অবস্থান দলটির। সম্প্রতি অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে যেখানে আওয়ামী লীগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, সেখানে ইসলামী আন্দোলন আগেরবারের চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে।

দলটির ভোট বাড়ার রহস্য খুঁজতে গিয়ে জানা গেছে, মূলত তিনটি কারণে দলটির ভোটব্যাংক ভারী হচ্ছে। প্রথমত, দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দলের প্রতি অবিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধের কথা বিবেচনায় নিয়ে মানুষ ইসলামী আন্দোলনের প্রতি ঝুঁকছে। দ্বিতীয়ত, ধর্মভিত্তিক বা ইসলামী দল বলতে এতদিন জামায়াতে ইসলামী বাংলাদেশকে বোঝানো হলেও যুদ্ধাপরাধী দল হিসেবে তারা নির্বাচনে নিষিদ্ধ এবং রাজনীতিতে কোণঠাসা। তাদের বিকল্প হিসেবে ইসলামী আন্দোলনের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। অন্য ইসলামী দলগুলোর পক্ষে না ঝুঁকে পড়ার আরও কারণ হচ্ছে এসব ছোট ছোট দল ক্ষমতার কাছাকাছি থাকার জন্য আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় দুই দলের সঙ্গে থাকছে।

তৃতীয়ত, বছরের প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলনের মাহফিল বা দাওয়াতি কর্মকান্ড চলে। এ ছাড়া ‘পীরভিত্তিক দল’ হওয়ায় ইসলামী আন্দোলনের সমর্থক সংখ্যা বাড়ছে। বিশেষ করে দেওবন্দ ও কওমি ঘরানার পীর হিসেবে ‘চরমোনাই ধারাটি’ বেশি গ্রহণযোগ্য।

তবে ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, সাংগঠনিক দক্ষতা আর নির্বাচনী কৌশলেই তাদের ভোট বাড়ছে। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপির নেতৃত্বে থাকা বিভিন্ন জোট আর আওয়ামী লীগের নেতৃত্বে থাকা জোট বা নির্বাচনকেন্দ্রিক জোট দুটোর কেন্দ্রেরই দুর্নীতিবাজরা বসে আছেন। আমরা দুর্নীতিবাজদের ক্ষমতার যাওয়ার সহযোগী হতে চাই না।’ ভোট বাড়ার পেছনের রহস্য কী এমন প্রশ্নের জবাবে দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘মানুষ ভালো কিছু চায়। আমরা ভালো কাজ করছি, ভালোর জন্য রাজনীতি করছি। করোনায় আমরাই প্রথম টিম করে মানুষের লাশ দাফন করেছি। বন্যার সময় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি। এতদিন মানুষ আমাদের কর্মকান্ড সম্পর্কে জানত না। এখন দেশের প্রধান গণমাধ্যমগুলো আমাদের নিয়ে আগ্রহ দেখাচ্ছে, মানুষও জানছে, তাই হাতপাখার প্রতি সমর্থনও বাড়ছে।’

মুরিদ বা পীরের ভক্তের দল হিসেবে পরিচিতির ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের দলে তো হিন্দু সমর্থকও রয়েছেন। তাই এমন পরিচিতির ভিত্তি নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হতে হলে মুরিদ হতে হবে এমন কোনো শর্ত নেই।’

বিশ্লেষকরা বলছেন, সরকারের আনুকূল্য, রাজনীতির মাঠে জামায়াতে ইসলামীর না থাকা, বড় রাজনৈতিক দলগুলোর দ্বিচারিতা এবং তাদের পৃষ্ঠপোষকতার কারণে ইসলামী আন্দোলনের ভোট বাড়ছে।

জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা দিন দিন ধর্মাশ্রয়ী হয়ে যাচ্ছি। উগ্রতার দিকে আমাদের নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। সরকার বল প্রয়োগ করে কিছুটা নিয়ন্ত্রণ করে রাখছে। কিন্তু ভেতরের অবস্থা খুবই খারাপ। রাজনৈতিক দলগুলো ধর্ম নিরপেক্ষতার কথা বলে, কিন্তু কাজ করে না। বরং অনেকাংশে তারা ধর্মকে পৃষ্ঠপোষকতা করছে। তারা গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক সমাধান না করে, ধর্মভিত্তিক সমাধান করে।’ তিনি জানান, কয়েক বছর আগে সহিংস উগ্রবাদবিষয়ক গবেষকদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘রিজলভ’-এর করা এক জরিপে দেখা গেছে, ৯১ শতাংশ উত্তরদাতা মনে করেন, গণতান্ত্রিক মূল্যবোধের একটি মর্মবস্তু হচ্ছে নির্বাচিত প্রতিনিধিত্ব। তবে ৮০ শতাংশের বেশি মনে করেন, শরিয়াহ আইন মৌলিক সেবা, ব্যক্তিগত নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতিকে নিরুৎসাহিত করে। ইসলামী আন্দোলনের ভোট বাড়ার পেছনে এ মনোভাবও খুব কাজ করছে বলে মনে হয়।

১৯৮৭ সালের ১৩ মার্চ একটি ইসলামী মোর্চা হিসেবে প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। ’৯০ সালের দিকে এরশাদবিরোধী আন্দোলনের মাধ্যমে মোর্চাটি চরমোনাইয়ের পীর মুফতি ফজলুল করিমের (প্রয়াত) নেতৃত্বে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। ২০০৮ সালে নিবন্ধনের সময় দলটির নাম পরিবর্তন করে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ করা হয়।

সংসদ নির্বাচনে ভোটচিত্র : ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এককভাবে ১৬০টি আসনে অংশ নেয় ইসলামী আন্দোলন। নব্বইয়ের পর গ্রহণযোগ্য নির্বাচনগুলোর মধ্যে এ সংসদ নির্বাচন। ওই নির্বাচনে দলটি ১ দশমিক ০৫ শতাংশ ভোট অর্থাৎ ৬ লাখ ৫৮ হাজার ২৫৪ ভোট পেয়েছিল। ২০১৪ সালের নির্বাচনের প্রস্তুতি নিয়েও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে না এমন অভিযোগ করে অংশ নেয়নি দলটি। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সব আসনেই প্রার্থী দিয়ে আলোচনায় আসে ধর্মভিত্তিক দলটি। ওই নির্বাচনে একটি আসনে তাদের প্রার্থিতা বাতিল হয়। ভোটগ্রহণের দিন নানা অনিয়মের অভিযোগে একপর্যায়ে ফলাফল বর্জনের ঘোষণা দিলেও প্রায় ১ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়ে দলটির বাক্সে। অর্থাৎ প্রায় ১২ লাখ ৫৫ হাজার ৩৭৩ ভোট যায় তাদের ‘হাতপাখা’ প্রতীকে।

স্থানীয় নির্বাচনে ভোটচিত্র : ২০১৭ সালে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে মেয়র পদে ভোট করেছিলেন গোলাম মোস্তফা বাবু। তিনি ২৪ হাজার ৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছিলেন। ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা জয়ী হন। আওয়ামী লীগের প্রার্থী দ্বিতীয় ও বিএনপির মনোনীত প্রার্থী তৃতীয় হয়েছিলেন। গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ওই সিটি করপোরেশন নির্বাচনে দলটির হয়ে আমিরুজ্জামান পিয়াল নির্বাচন করেন। তিনি ভোট পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার এবারও নির্বাচিত হন। বিএনপি এবার ভোটে অংশ নেয়নি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৃতীয় হয়েছেন।

নির্বাচন কমিশনের ভোটের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৫ সালে ঢাকার উত্তর ও দক্ষিণ দুটি সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন তৃতীয় অবস্থানে ছিল। ঢাকা উত্তরে দলটি পেয়েছিল ১৮ হাজার আর দক্ষিণে ১৫ হাজার ভোট।

২০২০ সালে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ হাজার ২৫৮ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ হাজার ৫২৫ পেয়ে তৃতীয় হয়েছে দলটি।

২০১৬ সালের নারায়ণগঞ্জ, খুলনা সিটি করপোরেশন নির্বাচনেও তৃতীয় হয় দলটি। ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয় অবস্থানে ছিল। রাজশাহী, সিলেট, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলেও অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছিল ইসলামী আন্দোলন।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের ৯টি ইউনিয়ন পরিষদে ইসলামী আন্দোলনের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রায় ২০০-এর মতো নির্বাচিত ইউপি সদস্য রয়েছে। রাজধানী ঢাকার ডেমরায় হাজি ইব্রাহীম কাউন্সিলরসহ সারা দেশে সাতজন নির্বাচিত কাউন্সিল রয়েছে দলটির।

জানা গেছে, ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা বাড়ার বড় একটি কারণ প্রয়াত পীর মাওলানা ফজলুল করিম। তার নেতৃত্বেই সারা দেশে ছড়িয়ে পড়ে দলটির কার্যক্রম। তার সময়েই ৬৪টি জেলাসহ বহু উপজেলায় দলটির সাংগঠনিক কার্যক্রম ছিল। তার অবর্তমানে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি ইসলামী আন্দোলনের আমির এবং চরমোনাই তরিকার বর্তমান পীর। সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের আরেক ভাই সৈয়দ ফয়জুল করিম দলটির এক নম্বর নায়েবে আমির। তিনি চরমোনাইয়ের তরিকা অর্থাৎ বাংলাদেশ মুজাহিদ কমিটিরও নায়েবে আমির।

দলটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘পীরভিত্তিক’ দল হওয়ার কারণেই দেশের গ্রামাঞ্চলে ইসলাম মূল্যবোধের প্রতি অনুরক্ত মানুষের মধ্যে দলটির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

গত ২ জানুয়ারি সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের দিনব্যাপী জাতীয় সম্মেলনে জানানো হয়, দেশের ৮৭টি সাংগঠনিক জেলা, ৬৯১টি উপজেলা, ১১৯টি সিটি থানা, ৬১টি সদর পৌরসভা, ৩ হাজার ৫১৯টি ইউনিয়ন এবং ১২ হাজার ৬৭০টি ওয়ার্ডে ইসলামী আন্দোলনের কমিটি রয়েছে। এমনকি দলটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে তাদের কমিটি গঠন করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল ও উত্তরাঞ্চলে বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাটসহ আশপাশের জেলাগুলোতে দলটির ভক্ত বা সমর্থক সংখ্যা বেশি। রাজধানী ঢাকায়ও তাদের কার্যক্রম বেশ শক্ত। রামপুরায় জামিয়া মহিলা মাদ্রাসা, ভাটরায় সাইদিয়া কারিমিয়া মাদ্রাসা, জুরাইন ও যাত্রাবাড়ীর বেশিরভাগ কওমি মাদ্রাসায় তাদের কর্মী ও সমর্থক রয়েছে।

দলের সাংগঠনিক কর্মকান্ড প্রসঙ্গে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রায় ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে।’